স্কুলছাত্র ইউনুছ হত্যা: শাহজাদপুরে ৩০ আসামি কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের স্কুলছাত্র ইউনুছ আলী হত্যা মামলার ৩০ আসামি সোমবার সকালে শাহজাদপুর চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবদেন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু শাহীন খান কনক এ আদেশ দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জুন পূর্ববিরোধের জের ধরে পলাশ উদ্দিন তারাব আলী পক্ষের সঙ্গে জয়নাল শেখ পক্ষের সংঘর্ষের সময় গুলিতে জয়নাল শেখের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইউনুছ আলী (১৪) ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় জয়নাল শেখ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ওই দিনই ১৩ আসামিকে গ্রেপ্তার করে। এত দিন পলাতক থাকার পর ওই ৩০ আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করেন।