গাজীপুরে স্বামীর বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মিথ্যা মামলা করায় বাদী রহিমা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচার একেএম আবুল কাশেম এ আদেশ প্রদান করেন।
গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স মামলার বরাত দিয়ে জানান, রহিমা বেগম গত ৫ অক্টোবর তার আগের সংসারের মেয়েকে (১৭) জিন ভূতের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযোগ করে পরের দিন স্বামী ইব্রাহীম খলিল ওরফে কবিরাজ ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করেন। গাছা থানা-পুলিশ গত ১৪ নভেম্বর ইব্রাহীমকে গ্রেপ্তার করে।
সোমবার আসামি পক্ষের আইনজীবী শওকত আকবর গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিন আবেদন করেন। এ সময় মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আদালতকে জানান, তিনি তার স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের যে অভিযোগে মামলা দায়ের করেছিলেন তা সঠিক নয়। মামলাটি ছিল মিথ্যা ও সাজানো।
শুনানি শেষে আদালত আসামিকে জামিন প্রদান করেন এবং মামলার বাদী রহিমা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।