সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি ও চোরচক্রের ১৪ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র্যাব। তারা বলছে, গত রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর এলাকার ছায়াবীথি ও নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ৪০০ ইয়াবা ও ১১টি চোরাই মোবাইল জব্দ করা হয়।
আটকরা হলেন গোপালগঞ্জের হারুন শেখ (৪০), কুমিল্লার অঁাখি আক্তার সুমি (৩৫), দিনাজপুরের রুবেল (২০), ব্রাহ্মণবাড়িয়ার মো. ইব্রাহিম খলিল (২৭), রবিশালের মো. নাজমুল হাসান রনি (৩৭) এবং ঢাকার মো. আবদুল কাদির রাশেদ (৪১) ও রুবেল হোসেন (৩২), পাবনার মো. বাবলু (৪৬), শুভ (২০), রিয়াজ (১৮), রাজবাড়ীর মোছা. শারমিন (২০), মানিকগঞ্জের নাইম (২১), সম্রাট (২২), আল আমিন (২০), পিরোজপুরের মুন্না (১৯) ।
পুলিশ সুপার নরেশ চাকমা দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদ পেয়ে ছায়াবীথি এলাকায় অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়।
অন্যদিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়।