একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ও ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল এবং সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবারের এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল : আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সমাবেশ হয়।
টাঙ্গাইল : ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে টাঙ্গাইল-৮ আসনের সাংসদ মো. জোয়াহেরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ : একই উপলক্ষে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শহরের আলফাত স্কয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, খাইরুল কবির রুমেন, সদর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
নেত্রকোনা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ হয়েছে। দুপুরে ছোট বাজারের দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় প্রমুখ।