গুরুত্বপূর্ণ ৯ মন্ত্রণালয় পেল নতুন সচিব

প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বছরের শেষ সময়ে এসে অনেক সচিব অবসরে যাওয়ায় রদবদলের সুযোগ সৃষ্টি হয়েছে সরকারের সামনে। নতুন সচিব পেয়েছে জনপ্রশাসন, তথ্য, সমাজকল্যাণ, ধর্মসহ

নয়টি মন্ত্রণালয় ও বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার তিনজন সচিবের দপ্তর বদল ও ছয়জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। শেখ ইউসুফ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ এপিডি উইংয়ের (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ) অতিরিক্ত সচিব ছিলেন। তিনি জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের জায়গায় যাচ্ছেন। ৫৯ বছর পূর্ণ হওয়ায় ফয়েজ আহম্মদ আজ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

ধর্ম সচিব মো. আনিছুর রহমানকে বদলি করে জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানো হয়েছে। এ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আগামী ৫ জানুয়ারি পিআরএলে যাবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিব পদে বদলি করা হয়েছে। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও কামরুন নাহার ব্যক্তিগত জীবনে স্বামী-স্ত্রী। তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার তথ্য সচিবের দায়িত্বে আবদুল মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসা আবদুল মালেকের মেয়াদ গতকালই শেষ হয়েছে। বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালালউদ্দিন নবনিযুক্ত তথ্য সচিবকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া পদোন্নতি দিয়ে আইএমইডির সিপিটিইউর মহাপরিচালক মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে। তাছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বছরের শেষ দিন আজ মঙ্গলবার। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে।