আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দলের প্রধান ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন এবং তাতে তিনি খুশি। গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।
সাঈদ খোকন বলেন, ‘আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য যেটা ভালো মনে করেছেন, উনি সেটা করেছেন। আমি খুশি, আলহামদুলিল্লাহ।’
ডিএসসিসিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে সহায়তার প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের পুরান ঢাকার প্রতিনিধিত্ব সাধারণত প্রথাগতভাবে পুরান ঢাকার মানুষই করে থাকেন। পুরান ঢাকার অনেক মুরব্বি আছেন, নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করব। পরে আপনাদের সিদ্ধান্ত জানাব।’
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০১৫ সালের মাঝামাঝি ডিএসসিসির মেয়র নির্বাচিত হন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি; পেয়েছেন বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে শেখ ফজলে নূর তাপস।
সংবাদ সম্মেলনে মেয়র হিসেবে নিজেকে সফল দাবি করে খোকন বলেন, ‘ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। মৌলিক সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছি। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেশতা না। আমার ভুলভ্রান্তি থাকতে পারে।’ ডিএসসিসির মেয়রপ্রার্থী তাপসকে সমর্থন দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তহীনতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘একেবারেই নেই। অভিভাবক (শেখ হাসিনা), ঢাকাবাসীর পরামর্শের প্রয়োজন রয়েছে। এ ছাড়া আমি একজন পূর্ণমন্ত্রীর মর্যাদায় মেয়রের দায়িত্বে আছি। সেখানে আইনগত বিষয় রয়েছে। সেগুলো আলাপ-আলোচনা করে জানাব।’ সাঈদ খোকন বলেন, ‘আগামী ১৭ মে পর্যন্ত মেয়র হিসেবে আমার মেয়াদ আছে। এ সময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের কাজ প্রায় ৮০ শতাংশের বেশি হয়েছে। আগামী দু-তিন মাসে তা শেষ করা যাবে। আর কিছু প্রকল্প আছে, সময়সাপেক্ষ ব্যাপার। আশা করছি, জনগণের ভোটে নির্বাচিত মেয়র যিনি আসবেন, তিনি বাকি কাজ সমাপ্ত করবেন। একজনের পক্ষেই তো সবকিছু হয় না। আমি শুরু করে দিয়ে গেলাম, বাকি কাজ যিনি আসবেন তিনি করবেন। এটাই প্রক্রিয়া। এভাবেই আমাদের শহর, দেশ এগিয়ে যাবে।’