৪ দিনের টেস্ট নিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত জানাবে ভারত

চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে আইসিসি যে চেষ্টা চালাচ্ছে, সেটি নিয়ে এখনই মন্তব্য করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, প্রপোজাল আসলে দেখেশুনে তারপর এটি নিয়ে কথা বলবেন।

সোমবার ইডেন গার্ডেনে বসে সৌরভ বলেন, ‘এখনই মন্তব্য করা বেশি আগে হয়ে যায়। প্রথমে প্রপোজাল দেখতে হবে। আসতে দিন। তারপর দেখব।’

২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই চার দিনের টেস্ট বাধ্যতামূলক করা হতে পারে বলে খবর চাউর হয়েছে। সময় বাঁচাতে এটি করতে চান কর্মকর্তারা।

ক্রিকইনফো একটি হিসাব উল্লেখ করে দেখিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট ম্যাচ ৪ দিনে হলে আইসিসির ক্রিকেট সূচিতে ৩৩৫ দিন বেঁচে যেত, যা প্রায় এক বছর সময়ের মতো।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত যত টেস্ট খেলা হয়েছে তার ৬০ ভাগ ম্যাচ আবার শেষ হয়েছে চারদিনে বা তার কম সময়ে। তাই বাড়তি একদিন আর রাখতে চায় না আইসিসি।