ফেডারেশন কাপ ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালটাও হলো দারুণ উত্তেজনার। যেখানে বিগ বাজেটের দল বসুন্ধরা কিংসের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়ল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিফাইনালে পা দিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটির নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে অতিরিক্ত সময়েও খেলার ফল পাল্টায়নি। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে ৪-১ গোলে জয় বসুন্ধরার।
এর আগে দিনের প্রথম কোয়ার্টার (আসরের তৃতীয়) ফাইনালে শক্তিশালী সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে চমক দেখায় পুলিশ এফসি। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে পুলিশের মুখোমুখি হবে বসুন্ধরা।
এদিকে সোমবার অনুষ্ঠিত আসরের প্রথম দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচও ছিল দারুণ রোমাঞ্চের। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে বিদায় করে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীকে বিদায় নিতে হয়েছে মাঝারি মানের দল গড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে। ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
এদিন বসুন্ধরা কিংস ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল জালাল কদুর করা গোলে। প্রথমার্ধ তারা শেষ করে এগিয়ে থেকেই। তবে ৭৬ মিনিটে মেহেদী হাসান মুক্তিযোদ্ধাকে সমতা এনে দেন।
টাইব্রেকারে মুক্তিযোদ্ধার প্রথম দুই শটই রুখে দেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যাচের নায়ক তাই তিনিই। বসুন্ধরার পক্ষে টাইব্রেকারে গোল করেন- বখতিয়ার দুইশবেকভ, নিকোলাস দেলমন্তে, আতিকুর রহমান ফাহাদ ও দানিয়েল কলিনদ্রেস।