রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়ছেন দর্শক। দেশের ঘরোয়া ফুটবলে এই দৃশ্য বলতে গেলে নিত্য ঘটনা। এমনকি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচেও এই দৃশ্য চোখে পড়ে। দর্শকদের উচ্ছৃঙ্খলতা রুখতে কিছুই যেন করার নেই বাফুফের। আন্তর্জাতিক ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ায় এবার বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে।
গত বছর ১০ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল বাংলাদেশ। যদিও ২০২২ বিশ্বকাপ আয়োজকদের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত ০-২ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ারা। তবে সেই ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের লড়াই নিশ্চিতভাবেই দর্শকদের চোখে লেগে থাকবে অনেক দিন। ভালো লাগার সেই ম্যাচটিতেই দর্শকদের উচ্ছৃঙ্খলতার কারণে জরিমানার কবলে পড়তে হয়েছে বাফুফেকে।
সেদিন গ্যালারির কাঁটাতার টপকে মাঠে ঢুকে পড়েছিল কিছু দর্শক। ম্যাচ কমিশনার তার প্রতিবেদনে সেটি উল্লেখ করেছেন। তার ভিত্তিতেই ফিফা জরিমানা করেছে বাফুফেকে।
ফিফার করা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘বাংলাদেশ-কাতার ম্যাচে গ্যালারি থেকে কিছু দর্শক মাঠে ঢোকার চেষ্টা করেছিল। সেই ছবি নিয়ে ফিফার কাছে রিপোর্ট করে ম্যাচ কমিশনার। এ জন্য আমাদের ১৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা) জরিমানা করা হয়েছে।’
দর্শকদের কারণে এর আগেও বাফুফেকে জরিমানা করেছিল ফিফা। ২০১৪ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের সময় জরিমানার কবলে পড়েছিল বাফুফে।
এদিকে ফিফার জরিমানার সঙ্গে এএফসি থেকেও একটা সতর্কবার্তা পেয়েছে বাফুফে। বাফুফেতে এএফসি বেতনভুক্ত কোচদের অনেকে নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর না করায় ২৮ হাজার মার্কিন ডলার কেটে নিয়েছে এএফসি। একই সঙ্গে সতর্ক করা হয়েছে ভবিষ্যতের জন্য।