পছন্দের নম্বরপ্লেট নিলামে বিক্রির চিন্তা অর্থমন্ত্রীর

যানবাহনের জন্য ‘ভালো’ নম্বরপ্লেট তৈরি করে নিলামে বিক্রি করবে সরকার। রাজস্ব আয় বাড়াতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নম্বর যত সুন্দর হবে, তার দামও তত বেশি। যেকোনো সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে নম্বরপ্লেট নিলাম দেখার অভিজ্ঞতা থেকে এ পরিকল্পনা করছেন তিনি।

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মোটর ড্রাইভিং লাইসেন্স স্মার্টকার্ড সংগ্রহ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব বাতিল করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত সরবরাহকারী না পাওয়ায় এখানে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।

পছন্দের নম্বরপ্লেট নিলামের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিদেশে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেট নিলাম হয় এবং তাতে তাদের প্রচুর টাকা আয় হয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও লন্ডনেও এ ধরনের ব্যবস্থা আছে। যত সুন্দর নম্বর, তার দামও তত বেশি। আমরা যেকোনো সময় এটা শুরু করব। পছন্দের লাইসেন্স ও নম্বরপ্লেট বিক্রি করতে চাই, যাতে এ খাত থেকে কিছু অর্থ আসে।

ঠিক কবে নাগাদ নম্বরপ্লেট নিলাম শুরু হবে, তা জানাতে পারেননি কামাল। তিনি বলেন, ‘চিন্তা তো করছি ছয় বছর ধরে। আজ সবাই কথা দিয়েছে, সময় বেশি লাগবে না।’

অর্থমন্ত্রী বলেন, আমরা দেশে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে রূপরেখা তৈরি করব। সেভাবে করতে পারলে ভালো দাম পাওয়া যাবে। বিদেশে যেভাবে রাজস্ব আসছে, আমাদেরও তেমন হবে।

তিনি বলেন, বিদেশে বাসা থেকে বের হলেও টাকা দিতে হয় কোনো না কোনোভাবে। গাড়ি কোথাও থামালে সেখানেও রাজস্ব আয় হয়। আমরা ওইরকম করতে পারলে আমাদের সড়ক ও সেতু সংরক্ষণের খরচ এখান থেকেই আদায় করতে পারতাম। এগুলো আদায়ের ক্ষমতা আমাদের আছে, এখন দরকার শুধু বাস্তবায়ন করা।

প্রতি পদক্ষেপে টাকা দিতে হলে জনগণ ক্ষেপে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘নাগরিকদের চাহিদা একটাই টাকা অর্জন। তাদের টাকা অর্জনের ব্যবস্থা করে দিতে পারলে, তারা সুখে শান্তিতে টাকা অর্জন করতে পারলে খরচ করতেও প্রস্তুত থাকবে। টাকা না দিয়ে তো টাকা চাইব না। খরচ করার পরও যেন তাদের বাড়তি টাকা থাকে এ সুযোগটা তৈরি করতে চাই।’