২০২১ সালে মেট্রোরেল চালু হবে : কাদের

২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ করার আশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালে বিজয়ের মাসে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬ উদ্বোধন করা হবে। গতকাল বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল প্রকল্পের ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাইরে থেকে বোঝা যায় না। ইতিমধ্যে সাড়ে ৮ কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। মোট ৫২টি স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান।’

তিনি বলেন, তিন বছর আগেও আমরা এখানে বিরানভূমি দেখেছিলাম। সেটা আজকে বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। মেট্রোরেল প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৪০ শতাংশ হয়েছে জানিয়ে কদের বলেন, ‘৮ দশমিক ৫ কিলোমিটার মেট্রোরেল এখন দৃশ্যমান হয়েছে।’

পাতালরেল প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, খুব শিগগিরই এমআরটি লাইন-১ ও ৫-এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে পাতালরেল সাড়ে ১৩ কিলোমিটার। ইতিমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে। তাই কাজ দ্রুত শুরু করতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, ২২ হাজার কোটি টাকা খরচের মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। সরকারি সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে।

বিএনপির মানসিকতা সেকেলে : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিএনপির বিরোধিতা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের বলেন, বিএনপি নেতাকর্মীদের মানসিকতা একেবারেই সেকেলে।

‘ইভিএম ডিজিটাল ভোটচুরির মেশিন’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, ‘এটি লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এ পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড (গ্রহণযোগ্য) একটি সিস্টেম, কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’

ভোটে থাকার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, জানি রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত তারা বলবে ভোট কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, ডাকাতি হয়েছেÑ এসব অভিযোগ তারা দেবেন। সুতরাং তারা যে অঙ্গীকার করেছেন, ভোটের শেষ পর্যন্ত থাকবেন, সেটি যেন তারা করেন।