লিফট ছিঁড়ে সপরিবারে ভারতীয় শিল্পপতির মৃত্যু

বর্ষবরণের রাতে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পাটালপানিতে গত মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের পাটালপানিতে নিজের খামারবাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বর্ষবরণের পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবন থেকে পরিবার ও বন্ধুদের কয়েকজনকে নিয়ে নিচে নামার পথে তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের।

দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলোকেশ, নাতি নভি এবং বন্ধু গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। পুনিতের বন্ধু গৌরব ৩১ ডিসেম্বর রাতে সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম তার স্ত্রী নিধির অবস্থাও আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, গতকাল রাতে লিফট আছড়ে পড়ে ছয়জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার সকাল থেকে পুনিত আগরওয়ালের খামারবাড়ির সামনে লোকজন ভিড় করতে শুরু করেন। নিরাপত্তার জন্য বেশ কিছু পুলিশ সদস্য সেখানে মোতায়েন করতে হয়। পুনিত ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।