নরসিংদীর মনোহরদীতে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে জাহানারা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়েছে প্রতিবেশীরা। গত বুধবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাঁচহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আহতের স্বামী আবদুল কাদির বাদী হয়ে ৭ জনের নামে মামলা করেছেন।
আসামিরা হলেন– আবদুর রহমান (৪০) ও আবদুর বাতেন (৩৬), জাহানারা বেগম (৪৫) ও রোমান মিয়া (২৪), তাহমিনা আক্তার (৩২), শরীফা আক্তার (৩৫) ও সাইফুন্নেছা (৭০)।
মামলার এজাহার থেকে জানা যায়, পাঁচহাটি গ্রামের আবদুর কাদির ও আবদুর রহমানের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। কাদিরকে পাকা সড়কে ওঠার জন্য আবদুর রহমানের জমির ওপর দিয়ে যেতে হয়। কিন্তু আবদুর রহমান বুধবার দুপুরে তার জমিতে দেয়াল তুলছিলেন। এ সময় কাদিরের স্ত্রী তাদের সামনে গেলে আবদুর রহমান ও তার লোকেরা তাকে গালাগাল দেয়। এর প্রতিবাদ করলে আবদুর রহমান তাকে দা দিয়ে মাথায় কোপ দেয় এবং অন্যরা রড দিয়ে মারধর করে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবদুর কাদির বলেন, ‘আমাদের পাকা রাস্তায় যাওয়ার জন্য তিনজনের জমির ওপর দিয়ে যেতে হয়। এর মধ্যে দুজন আমাদের রাস্তার জন্য জমি দিয়েছে। কিন্তু আবদুর রহমান রাস্তার জমি না দিয়ে রাস্তা বন্ধের জন্য দেয়াল নির্মাণ করে। এর প্রতিবাদ করলে আমার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।’
তবে অভিযোগ অস্বীকার করে আবদুর রহমান বলেন, ‘তাদের ওপর আমরা কোনো হামলা করিনি। তারা আমাদের দেয়াল নির্মাণে বাধা দিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আমরা চাঁদা না দেওয়ায় তারা এই হামলার ঘটনা সাজিয়েছে। বরং দেয়াল নির্মাণের সময় তাদের হামলায় আমার মা ও স্ত্রী আহত হয়েছে।’
মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।