টঙ্গীতে স্বরাষ্ট্রমন্ত্রী

তাবলিগ জামাতের দুপক্ষের মতপার্থক্য দুঃখজনক

বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মতপার্থক্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘যত মতপার্থক্যই হোক, বাংলাদেশেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। মতপার্থক্য থাকলেও তারা এক জায়গায় ইজতেমা করার ব্যাপারে একমত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর ইজতেমা ময়দান চত্বরে বিশ্ব ইজতেমার অগ্রগতিবিষয়ক অবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তাবলিগের দুই পক্ষের ৫ জন করে ১০ জন মুরব্বিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ইজতেমায় আসা মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মন্ত্রী আরও বলেন, বিদেশি মেহমানদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে সব বিদেশি মেহমানকে ভিসা দেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভিসার একটি নিয়মনীতি আছে, নিয়মনীতির মধ্যে থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, সেটুকু আমরা করব। এ ব্যাপারে ইতিপূর্বে মন্ত্রণালয়ে ইজতেমার মুরব্বিদের সঙ্গে আলোচনা হয়েছে।’

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেন, গত বছর সবার চেষ্টায় বিশ^ ইজতেমার দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির পর এক স্থানে এক প্যান্ডেলের নিচে ইজতেমা সম্পন্ন করা হয়েছে। আশা করছি এবার বিশ^ ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’ 

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ইজতেমায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ২০০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ইজতেমা উপলক্ষে সবার ছুটি বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি মো. বেনজীর আহমদ, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।