মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকার এক চরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে মেহেরআলীর চর এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় উদ্ধারকৃত নাবিকদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন কোস্ট গার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, ভোরে মেহেরআলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামের একটি কার্গো জাহাজ ডুবতে শুরু করলে টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।
উদ্ধারকৃত নাবিকেরা হলেন, জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। উদ্ধার করা নাবিকদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনায় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা ইমতিয়াজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে ইউরিয়া সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামের কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেলের ফেয়ারওয়ের মূল চ্যানেলের বাইরে চলে যাওয়ায় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানান তিনি।