লালমনিরহাটে রাস্তার দুই পাশে লাগানো সরকারি গাছ কাটতে দেখে স্থানীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অভিযোগ জানানোর পর পুলিশ এক ইউনিয়ন যুবলীগ নেতাকে আটক করেছে।
শুক্রবার সকালে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক বাদশা মিয়া (৩৪) মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আকবর মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অনুমোদন ছাড়াই সকালে যুবলীগ নেতা বাদশা মিয়া কাশিপুরে থেকে লালমনিরহাটগামী সড়কের দুই পাশের ইউক্যালিপটাস গাছ কাটা শুরু করে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশা মিয়াকে আটক করে। এ সময় পুলিশ দেখে সহযোগীরা পালিয়ে যায়। অবশ্য, পুলিশ পৌঁছানোর আগেই সে পাঁচটি গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি হুমায়ূন কবির মোড়ল জানান, কেউ অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।