দাবানলে ক্ষতিগ্রস্তদের ছক্কাপ্রতি ২৫০ ডলার দেবেন লিন-ম্যাক্সওয়েল

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস লিন এবং গ্লেন ম্যাক্সওয়েল। এই বছর বিগব্যাশে তারা প্রতি ছক্কায় ২৫০ ডলার করে দান করবেন।

টুইটারে লিন বলেন, ‘বিগ ব্যাশ লিগে আমি ওভার বাউন্ডারি মারলেই ২৫০ অজি ডলার জমা দেব। যারা এই চরম পরিস্থিতির মধ্যে কোনোক্রমে প্রাণ বাঁচিয়েছেন, তারাই সত্যিকারের হিরো। ভাল লাগছে দেখে যে অনেক খেলোয়াড় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন।’

লিনের এই প্রয়াসের প্রশংসা করেন ম্যাক্সওয়েল। তারপরই সতীর্থর পথে হেঁটে একই ঘোষণা দেন তিনি।

টুইটারে লিখেছেন, ‘খুব ভাল লেগেছে লিন। আমিও এ বছর বিবিএলে ছক্কা হাঁকালেই ২৫০ ডলার দেব।’

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই ৭ জন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।

আগুন নেভাতে এখন পর্যন্ত কয়েক হাজার দমকলকর্মী নিয়োগ করা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দমকলকর্মীদের অধিকাংশই স্বেচ্ছাসেবী। পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন তারা।