বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার শিশু

সাভারের আশুলিয়ায় বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি কিশোরগঞ্জ এলাকায় তার দাদার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। শিশুটির বাবা-মা আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গত শনিবার (২৯ ডিসেম্বর) শিশুটি তার দাদির সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় তাকে জুস খাইয়ে কৌশলে দিপু নামে এক বখাটে একটি নির্মাণাধীন বাড়ির নিচতলায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে বাসায় ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় রাতেই শিশুটিকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানালেও ধর্ষকের ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।