নরসিংদীতে শিল্পমন্ত্রী

বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করেছেন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করেছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের ধর্ম ছাড়া আর কোনো মিল ছিল না। শিক্ষাদীক্ষা অর্থনীতি সবকিছুতেই আমরা পিছিয়ে ছিলাম। আমাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল। সে জন্য তিনি আর্থ-সামাজিক কাঠামোতে বৈপ্লবিক সংস্কার করেছিলেন। যাতে ধনী আরও ধনী, গরিব আরও গরিব না হয়। দেশের সম্পদ লুটেরাদের কাছে কুক্ষিগত না হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলায় লাখপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৫ বর্ষপূর্তি উপলক্ষে এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু তারুণ্যকে মানসম্মত সম্পদে পরিণত করতে শিক্ষাকে সুযোগ নয়, অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবাকে তিনি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেছিলেন। গরিব মানুষ যাতে মানসম্মত শিক্ষা পায়, স্বাস্থ্যসেবা পায় সে জন্য তিনি রাষ্ট্রীয় সেবার পরিধিকে বিস্তৃত করেছিলেন। বর্তমান সরকার দেশে আধুনিক ও যুগোপযোগী সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। সারা দেশে নতুন নতুন স্কুল, কলেজ ভবন তৈরি করছে। যার ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে।

লাখপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভুইয়া রিটন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমীন, বেলাব উপজেলা ছাত্রীলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল প্রমুখ।