মানিকগঞ্জের ঘিওরে বাসের চাপায় রিকশা চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ঘিওর উপজেলার শোলধারা এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে রিকশা চালক আইজুদ্দীন (৫০) ও শিবালয় উপজেলার পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে মো. সেলিম (৩৪)।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের দিকে জোকা এলাকায় সিএনজি পাম্পের কাছে রিকশায় চড়ে আসছিলেন সেলিম। এ সময় ঢাকাগামী বিলাস অ্যান্ড সিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তারা দুজন নিহত হন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।