বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাইকো দুর্নীতি মামলায় কানাডার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু সরকার ওই রায়ের তথ্য গোপন করে রেখেছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। ‘জিয়া পরিষদের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য কবির মুরাদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে মির্জা ফখরুল বলেন, ‘নাইকো দুর্নীতির মামলা যেটা এই সরকার করেছে, মূল যে মামলা কানাডাতে, সেখানে আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনালের রায়ের তথ্য গোপন করে রেখেছে এই সরকার।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় আদালতে অলরেডি রায় হয়েছে। এই মামলার রায়ে বলা হয়েছে, কোনোরকম দুর্নীতি হয়নি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যায়ভাবে যাদেরকে এ মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল তারা সম্পূর্ণ নির্দোষ।’
গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদেরকে আমি অনুরোধ করব এই বিষয়টা সবাই একটু জানার চেষ্টা করবেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এজন্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্টসকে চাপ দিয়েছে সরকার যেন খালেদা জিয়াকে নির্দোষ বলে যে রায় দেওয়া হয়েছে এটা প্রকাশ করা না হয়।’
দেশের রাজনীতি ‘পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটি এক ব্যক্তির হয়ে যাচ্ছে, একটি পরিবারের হয়ে যাচ্ছে। মোটকথা, আওয়ামী লীগে এখন পরিবারতন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে তাদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তবে লক্ষ করবেন, সবচেয়ে নিম্নমানের লোকগুলোকে নিয়ে এসে শুধু রাজনৈতিক কারণে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাস কোর্স, থার্ড ক্লাস এসব লোককে নিয়ে এসে ভাইস চ্যান্সেলর বানানো হচ্ছে এবং রাজনৈতিক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। একইভাবে এখন বিচারক নিয়োগ দেওয়া হয়, বিসিএসে একইভাবে করা হচ্ছে। এভাবে সব প্রতিষ্ঠানকে তারা তাদের নিজেদের আয়ত্তে আনার জন্য দলীয়করণ করছে।’
‘জিয়া পরিষদের’ জ্যেষ্ঠ সহসভাপতি প্রফেসর ড. এম সলিমুল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ পরিষদের জ্যেষ্ঠ নেতারা।