নারায়ণগঞ্জের ফতুল্লায় টিপু হাওলাদার নামে এক যুবককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় লোকজন আহত অবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপু বরিশালের সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।