সাতক্ষীরার শ্যামনগরের পৃথক দুইটি স্থান থেকে নারী ও পুরুষ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও মৃত ব্যক্তিদের স্বজনেরা বলছে ঘটনা দুইটি আত্মহত্যার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, উপজেলার বুড়িগোয়ালিনীর তাকিম গাজীর ছেলে আমির আলীর (৪৫) মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
অপরদিকে, কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (২১) এর মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
উভয়ের পরিবারের বরাত ও প্রাথমিক তদন্তর মাধ্যমে পুলিশ জানতে পারে উভয় ঘটনায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছে এই দুই নারী-পুরুষ । মরদেহ দুটি ময়নাতদন্তর জন্য রবিবার দুপুরে সাতক্ষীরায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মরদেহ দুটি উদ্ধারের পর অপমৃত্যু মামলার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি হুদা।