ত্রিপোলির সামরিক অ্যাকাডেমিতে বিমান হামলায় নিহত ২৮

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক একাডেমিতে বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। গত শনিবার রাতের এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ত্রিপোলির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে দেশটি সহিংসতাকবলিত হয়ে কয়েক অংশে বিভক্ত হয়ে আছে।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্য সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে আছে ত্রিপোলি। অপরদিকে দেশটির পূর্বাঞ্চল সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) নিয়ন্ত্রণে আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রিপোলির আশপাশে গোলাবর্ষণ ও বিমান হামলা বেড়ে গেছে। শনিবার রাতে আল হাদবা এলাকায় সামরিক শিবিরে ‘বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে’ বলে জিএনএর অনুগত বাহিনীগুলো জানিয়েছে। হামলার জন্য এলএনএকে দায়ী করেছে তারা।