চাঁদপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে শাহরাস্তি উপজেলার শোরশাক বাজার এলাকায় বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় নিহত রফিকের স্ত্রী সাবিনা ইয়াসমিন পিনু বলেন, আমার স্বামীকে আমাদের চোখের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় দায়ী সোহেল, কালু, মুন্না, আবুল কালাম, আমিনুল ইসলাম সাগরসহ ১৩ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামীর হত্যাকারীদের প্রত্যেককে অতিদ্রুত সময়ের মধ্যে আটক করে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।

নিহতের ছেলে এসএসসি পরীক্ষার্থী মুন্না বলে, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানাই। সন্ত্রাসীরা আমাদের ঘরে এসে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করে।

গত ৩১ ডিসেম্বর শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়ার ঘটনা ঘটে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে চেড়িয়ারা গ্রামে রফিকুল ইসলামকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।