সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। রবিবার রাতে উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষ ঘটে।
গুলিবিদ্ধ মায়াজ মিয়া (৪৭) মুস্তাকিম(২১), আলীনুরকে (১৬) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রায়বাঙ্গালী গ্রামের ইউপি সদস্য মনু মিয়া ও আব্দুল মালিকের লোকজনের সঙ্গে একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী ও তার মামা বুরহান উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মনু মিয়ার পক্ষে সেলিম মিয়ার ছেলে ফাহিম ও রব্বানীর পক্ষের ফটিক মিয়ার ছেলে মাজহারুলের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরই জেরে রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রব্বানীর পক্ষের মায়াজ মিয়া ও মনু মিয়ার পক্ষের আলীনুর, মুস্তাকিন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী জানান, আহত ৩জন গুলিবিদ্ধ এবং গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, দুপক্ষের পূর্বের বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই গ্রামে কোনো লাইসেন্সধারী বন্দুক নেই। সংঘর্ষে বন্দুক কোথা থেকে আসলো তা তদন্ত চলছে। গ্রামের পরিবেশ এখন নিয়ন্ত্রণে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এখনো কাউকে আটক করা হয়নি।