বিভাগে উন্নীত করা হবে বিএসটিআইকে

জনগুরুত্ব বিবেচনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) বিভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল সোমবার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্য কে এইচ মাসুদ সিদ্দিকী ও সাবেক রেলপথ সচিব মো. মনসুর আলী সিকদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এপিএ বাস্তবায়নে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে পুরস্কায় পায় যথাক্রমে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ২০১৮-১৯ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার, বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান এবং মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মো. মেহবুবুর রহমান।