কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সামনে লক্ষ্য ৪৩৮ রানের। যে লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
জিততে হলে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে আরো ৩১২ রান। হাতে ৮ উইকেট। আর সেটি করতে পারলে টেস্টে রান তাড়ার নতুন ইতিহাস হবে।
লক্ষ্য তাড়া করতে নেমে ডিন এলগার ৩৪ ও জুবায়ের হামজা ১৮ রানে ফিরে যান। ৬৩ রানে অপরাজিত থাকা পিটার মালান ও ২ রানে অপরাজিত থাকা নাইটওয়াচম্যান কেশব মহারাজ নতুন দিনের ব্যাটিং শুরু করবেন।
রান তাড়ায় রেকর্ড গড়ায় দক্ষিণ আফ্রিকা অবশ্য অভ্যস্তই। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যেমন ৪৩৮ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই পার্থ টেস্টে ৪১৪ রান তাড়া করে জিতেছিল তারা।
তবে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৪১৮ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল ক্যারিবীয়রা।
৮ উইকেটে ৩৯১ রান করে এদিন নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের ২৬৯ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ২২৩ রান।
আগের দিনের ৪ উইকেটে ২১৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ডম সিবলি ৮৫ রানে দিন শুরু করেন। এদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি অপরাজিত থাকেন ১৩৩ রানে।
৪৯৭ মিনিট ব্যাট করেছেন সিবলি। ৩১১ বলে ১৯ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। বেন স্টোকস ৪৭ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ৭টি চারের সঙ্গে মারের ৩ ছক্কা।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন আনরিক নর্তিয়ে। ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ।
দুই দলের প্রথম টেস্ট ১০৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।