জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীদের শপথ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। বিদ্যালয় কর্র্তৃপক্ষ এ ঘটনায় ভুল ও দুঃখ প্রকাশ করে বলেছে, স্থানের অভাবেই এমন হয়েছে। ভবিষ্যতে আর যেন না হয় সেজন্য শহীদ মিনারটি স্থানান্তরিত করা হবে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষার্থীদের শরীরচর্চার পরে শপথবাক্য পাঠ করানো হয়। সে সময় দুজন শিক্ষক ও চারজন শিক্ষার্থী শহীদ মিনারে জুতা পায়ে উঠে অন্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। ওই শপথবাক্য পাঠের একটি

ভিডিও বিদ্যালয় কর্র্তৃপক্ষই ফেইসবুকে পোস্ট করে। এরপরই সেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে। শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনাদী রঞ্জন বিশ্বাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, স্কুলের জায়গা না থাকার কারণে শহীদ মিনারে উঠে শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান করতে হয়। তবে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ভুল হয়েছে।
তিনি জানান, এখানে সাপ্তাহিক হাট-বাজার বসে। তখনো শহীদ মিনার অবমাননা হয়। এ কারণে শহীদ মিনারটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, বিষয়টি আমার জানা নেই। ভিডিওটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।