খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে : বিএনপি

উন্নত চিকিৎসা না দিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে এবং কষ্ট দেওয়া হচ্ছে। আর আমরা আশঙ্কা করছি যে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা জানি না, উদ্দেশ্যটা তাই কি না। কিন্তু

আমরা মনে করি, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ এবং কর্র্তৃপক্ষের কাছে আমরা বলতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো অবস্থার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী হবে। আর এ সরকারকে অবশ্যই একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশ অনুযায়ী কি সুচিকিৎসা হচ্ছে নাÑ এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আদালত তো সেভাবে সুচিকিৎসার কথা বলতে পারে না। কিন্তু উচ্চতর চিকিৎসার কথা বলা হয়েছে। আর অবশ্যই সেই সুচিকিৎসা দিতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এখন ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো চিঠি দিইনি। আপনাদের মিডিয়াতে ভুল এসেছে। আমরা কোনো চিঠি দিইনি। তবে আমরা ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য তাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) বহুবার চিঠি দিয়েছি। আর আবারও দেখা করার জন্য আমরা তাকে চিঠি দেব।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। গতকাল (রবিবার) তার বোন, পুত্রবধূ ও নাতি-নাতনিরা তাকে দেখতে গিয়েছিলেন। প্রায় এক মাস চেষ্টা করার পর তারা অনুমতি পেয়েছিলেন। তারা বলেছেন, তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। তিনি কিছু খেতে পারছেন না। যা খাচ্ছেন তা বমি করে দিচ্ছেন। বিছানা থেকে দশ কদম দূরে বাথরুমে একাই যেতে পারেন না। যেতে হলে দুজনের সাহায্য নিতে হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।