সরস্বতী পূজা

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে রিট

আগামী ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজার দিন হওয়ায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ আবেদনটি করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

অ্যাডভোকেট অশোক কুমার দেশ রূপান্তরকে বলেন, ‘২৯ জানুয়ারি মধ্যবেলা থেকে ৩০ জানুয়ারি মধ্যবেলা পর্যন্ত পূজার তিথি থাকবে। ভোটের প্রস্তুতি শুরু হবে এর আগে থেকেই। স্কুল-কলেজেও সরস্বতী পূজা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। নির্বাচনে স্কুল-কলেজগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এখন ওইদিন ভোট হলে পূজার্চনায় বিঘœ ঘটবে। শিক্ষক-শিক্ষার্থীরা পূজার আনন্দ থেকে বঞ্চিত হবে। এসব বিবেচনায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটের আয়োজন হতে পারে।’  

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে ধর্ম পালনের ক্ষেত্রে মৌলিক অধিকার দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা এর সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ফলে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করা প্রয়োজন। 

গত ২২ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হবে। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঘোষিত এই তফসিল পরিবর্তন চেয়ে এর আগে ইসিসহ সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ। নোটিসের জবাব না পেয়ে এই রিট আবেদন করেছেন তিনি।