সিটি নির্বাচনে জিততে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব : তোফায়েল

ঢাকা সিটির নির্বাচনকে আওয়ামী লীগ গুরুত্বসহকারে নিয়েছে জানিয়ে ক্ষমতাসীন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও উত্তরের (ডিএনসিসি) নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ জানিয়েছেন, নির্বাচনে জিততে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন তারা। গতকাল সোমবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত পরিচালনা কমিটির গণমাধ্যমের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। তার জন্য কাজ করছি। এর জন্য নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইব। বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন জিতব, এই আশা আমরা করি না।’ তিনি বলেন, ‘বিএনপি এখনই বলে যে, তারা নির্বাচনে জিতবে না। আর সেটা জেনেও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে। এটা হতাশাগ্রস্তদের কথা। এতে তাদের নেতাকর্মীরাও হতাশ হয়। এ কথার মাধ্যমেই তারা হেরে গেছে। নালিশ করা, অভিযোগ করা তাদের ঐতিহ্য।’

বিএনপির সমালোচনা করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। ক্যান্টনমেন্টে তাদের জন্ম।’ তিনি বলেন, ‘এখন তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। নির্বাচন উপলক্ষে ১ হাজার ৪০০ কেন্দ্রে আমাদের কমিটি থাকবে।’

উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘গত ৯ মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা দেখেছেন কীভাবে অতীতে কাজ করেছি। আমি আপনাদের সবার দোয়া চাই।’

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের এই নির্বাচন পরিচালনা কমিটি যেন সাবলীলভাবে কাজ করতে পারে সেজন্য আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে বলেও জানানো হয় কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।