সিটি করপোরেশনের মামলা

শামীম ওসমান অনুসারী ৮ নেতার জামিন

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় করা মামলায় নিম্ন আদালতে জামিন পেয়েছেন সাংসদ শামীম ওসমান অনুসারী আট নেতা।

গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তারা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও চঞ্চল মাহমুদ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার উচ্ছেদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সড়কে সংঘর্ষ হয়। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা হলে তারা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পান।