অর্থপাচারের মামলার কার্যক্রম বাতিল চেয়ে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ফলে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচারের মামলাটি ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন। তিনি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দেওয়ায় বিচারিক আদালতে মামলাটি চলবে।
তিনি জানান, হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১ লাখ ৭৫ হাজার ডলার পাচারের অভিযোগে ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা করে দুদক। বিচারিক আদালত ২০১২ সালের ১২ জুন অভিযোগ আমলে নেয়। এরপর ২০১৫ সালের ৩ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেয় বিচারিক আদালত।