পাটুরিয়া-দৌলতদিয়ায় ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নৌ কর্তৃপক্ষ। রাত থেকে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে গেলে পুনরায় বুধবার সকাল ১০টা থেকে ফেরি চালু করা হয়েছে।

পাটুরিয়া ফেরি ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। দৌলতদিয়া ঘাটেও সব মিলিয়ে ৩ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি থাকলেও ১২টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।