নোয়াখালীর বেগমগঞ্জে রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেফ্রিজারেটর মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বুধবার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেগমগঞ্জের আমানুল্লাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন (২৮) এবং জিরতলি ইউনিয়নের বিজয়নগর গ্রামের গুলজার হোসেনের ছেলে ফয়েজউদ্দিন (১৫)। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ দেশ রূপান্তরকে
জানান, দুপুর ১২টার দিকে রেফ্রিজারেটর মিস্ত্রি আরমান ও ফয়েজ লাউতলী গ্রামের পাটোয়ারী বাড়িতে ফ্রিজ মেরামত করতে যান। মেরামত কাজের একপর্যায়ে মিস্ত্রিদের নিয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আরমান ঘটনাস্থলেই নিহত এবং ফয়েজ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ফয়েজেরও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।