চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ১৫ জানুয়ারি

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে চুক্তি করতে যাচ্ছে দেশ দুটি। আগামী ১৫ জানুয়ারি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটির মধ্যে প্রথম দফার চুক্তি সই হতে যাচ্ছে। দরকষাকষি শেষে চুক্তি স্বাক্ষর করতে চীনের ভাইস প্রিমিয়ার লিউ হের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, চীন চুক্তি স্বাক্ষরের জন্য গতকাল লিউ হির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের নাম ঘোষণা করেছে। লিউ হি চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের প্রধান বাণিজ্যবিষয়ক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরুর পর তিনি চীনা প্রেসিডেন্টকে এ বিষয়ে নানা পরামর্শ দিয়ে আসছেন। চীনা প্রতিনিধিদলটি তিন দিনের সফরে আগামী ১৩ জানুয়ারি ওয়াশিংটন যাচ্ছে বলে জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফ্যাঙ। এর আগে ট্রাম্প বলেছিলেন, চীনের সঙ্গে ১৫ জানুয়ারি প্রথম পর্বের বাণিজ্য চুক্তি হতে পারে। দ্বিতীয় দফায় চুক্তির আগে আরও আলোচনার প্রস্তাব দিয়েছে চীন।

গত ১৩ ডিসেম্বর ট্রাম্প বলেন, তিনি চীনা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ স্থগিত রাখার বিষয়ে একমত হয়েছেন এবং চীনা পণ্যের ওপর বিদ্যমান শুল্ক কমানোর বিষয়ে রাজি হয়েছেন। আর চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য আমদানির বিষয়ে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হিসেবে পরিচিত ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) রবার্ট লাইথেজার বলেছেন, চুক্তিটি সই হওয়ার পর ৮৬ পৃষ্ঠার নথিটি প্রকাশ করা হবে।