চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ১০ বছর আগে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন বাবা তোবজুল। এবার প্রাণ গেলে ছেলে সেলিমের। গত বুধবার রাত ১০টার দিকে সীমান্তের ১৬/৬ এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে সেলিম (৩০) ও সুমন (২৩) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালাবর ও
সাদেকুল নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভারতীয় নাগরিক বলে জানা গেছে। আহত অপরজন বাংলাদেশি, সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ৩০-৩৫ জনের একটি গরু চোরাকারবারি দল শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতীয় অংশে টিকলিচর এলাকায় পৌঁছালে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে উপজেলার শ্যামপুর চরপাকা সরকারপাড়া গ্রামের তোবজুল হকের ছেলে সেলিম রেজা ও দশরশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুলের ছেলে সুমন আলী নিহত হন। গুলিবিদ্ধ হন আরও তিনজন। সেলিমের বাবা তোবজুলও প্রায় এক দশক আগে বিএসএফের গুলিতে নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জের বিজিবির-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খান জানান, তারা বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন। তবে কেউ অভিযোগ দেননি। তারপরও খোঁজখবর নেওয়া হচ্ছে।