অফিসে এক চিলতে সবুজ কর্মীদের মন ভালো রাখে: গবেষণা

অফিসে এক চিলতে সবুজ বাগান কিংবা ডেস্কে রাখা টবে গাছ কর্মীর মন ভালো রাখতে কাজ দেয়। সম্প্রতি জাপানের এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কর্মস্থলে নিজের ডেস্কে বা আশেপাশে যদি এক চিলতেও সবুজের ছোঁয়া থাকে, তবে পরিবেশ একটু হলেও বদলাতে বাধ্য। কাজে নানা চাপ বা ব্যক্তিগত যে কোনো উদ্বেগজনিত সমস্যায় কর্মক্ষেত্রে গাছ রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।

জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ নিয়ে একটি সমীক্ষা চালায়। হর্ট টেকনোলজি জার্নালে এ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়।

এতে দেখা যায়, অফিসে ইন্ডোর প্লান্ট থাকলে কর্মীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। বিশেষ করে যারা নিয়মিত কর্মক্ষেত্রজনিত উদ্বেগ, চাপ ইত্যাদি সমস্যায় ভোগেন।

জাপানের ৬৩টি অফিসের কর্মীরা এই সমীক্ষায় অংশ নেন। অফিস ডেস্কে গাছ রাখার আগে এবং পরে তাদের মানসিক অবস্থা খতিয়ে দেখা হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে ৩ মিনিট বিরতি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কর্মীদের। প্রথমবার ডেস্কে গাছ না থাকা অবস্থায়, পরেরবার গাছ আসার পর।

সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন। এতে মন প্রশান্ত থাকে। কাজে স্পৃহা আসে।