বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকার নিয়েছে ব্যাপক কর্মসূচি। গতকাল থেকে শুরু হয়েছে মুজিববর্ষের ক্ষণগণনা। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপনে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নিয়েছে বিভিন্ন উদ্যোগ। ক্রীড়াঙ্গনে মুজিববর্ষের সূচনা হবে ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ছয় জাতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে। দু’দিন পর দেশব্যাপী শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ। এসব উদ্যোগে বাফুফে চাইছে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সম্পৃক্ত করতে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য। আজ তিনি সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছেন বাফুফে ভবনে তাদের করণীয় ঠিক করতে।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে একঝাঁক মুক্তিকামী বাংলাদেশি ফুটবলার ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে গঠন করেন স্বাধীন বাংলা ফুটবল দল। তৎকালীন অস্থায়ী সরকারের সহযোগিতায় এই দলটি ভারতজুড়ে অনেকগুলো প্রীতি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতি আজও তাই বীর এই ফুটবলযোদ্ধাদের রেখেছে শ্রদ্ধার আসনে। সালাউদ্দিনও চান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনায় থাকুক স্বাধীন বাংলা ফুটবল দল। বাফুফে সাধারণ সম্পদাক আবু নাঈম সোহাগ এই প্রসঙ্গে জানান, ‘এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আগামীকাল (আজ) দুপুরে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি। আমরা ফুটবলের বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ত করতে চাই এ প্রজন্মের ফুটবলার ও সংগঠকদের অনুপ্রাণিত করতে। স্বাধীন বাংলা ফুটবল দলের কিছু সদস্য ঢাকায় থাকেন। বাকিরা বিভিন্ন জেলায়। তারা যাতে জেলা পর্যায়ে শুরু হতে যাওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে সম্পৃক্ত হতে পারেন সেই উদ্যোগ নেব।’