নাইজারে সেনাঘাঁটিতে হামলায় ২৫ সেনাসহ নিহত ৮৮

নাইজারের এক সেনাঘাঁটিতে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত হয়। হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর চালানো অভিযানে ৬৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র কর্নেল সুলেইমানি গজোবি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পশ্চিম তিল্লাবেরি অঞ্চলের চিনেগোদারে হামলাকারীরা গাড়ি ও মোটরসাইকেলে করে হামলা চালাতে শুরু করে বেলা ১টার দিকে। ওই হামলার জবাবে নাইজারের বিমানবাহিনী অভিযান চালাতে শুরু করে। নাইজারের বিমানবাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্রের ড্রোন ও ফ্রান্সের যুদ্ধবিমান।

বুরকিনা ফাঁসোর সীমান্তবর্তী তিল্লাবেরিতে গত ডিসেম্বর এক সন্ত্রাসী হামলায় নাইজারের ৭১ জন সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের একটি অংশ। ২০১৫ সালে মালির সরকার ইসলামিক চরমপন্থিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানে বুরকিনা ফাঁসো ও নাইজারের সেনারাও অংশ নিয়েছিল। এরপর থেকেই মূলত সন্ত্রাসীরা নাইজার ও বুরকিনা ফাঁসোতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

ওই অঞ্চলে ইসলামি চরমপন্থিদের উত্থান শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষকে গৃহহীন হতে হয়েছে। সন্ত্রাসীরা নিয়মিত নতুন নতুন কৌশল খাটিয়ে আক্রমণ করছে সাধারণ জনগোষ্ঠীর ওপর। বেসরকারি জনগণকে হামলা থেকে বাঁচাতে শাদ, বুরকিনা ফাঁসো, মৌরিতানিয়া, নাইজারের সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে যোগ দেয় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।