বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চার কাউন্সিলর নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে চারজন নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গত বৃহস্পতিবার একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চারজনকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। গতকাল শুক্রবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নির্বাচিতরা হলেন ডিএসসিসির ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডে মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডে মো. আরিফ হোসেন, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) নারগীস মাহতাব ও ৮ নম্বর ওয়ার্ডে (২২, ২৩ ও ২৬ নং ওয়ার্ড) নিলুফার রহমান।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী না থাকায় চারজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৩০ জানুয়ারি ভোট শেষে নির্বাচিত অন্যদের সঙ্গে তাদের নামে গেজেট হবে।’

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারগীস মাহতাব বলেন, ‘সংরক্ষিত এ ওয়ার্ডে বাকি দুজন প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। কেন তারা সরে গেছেন, আমি জানি না। পরে রিটার্নিং কর্মকর্তা থেকে নির্বাচিত ঘোষণার কাগজপত্র নিয়ে এসেছি।’ নিলুফার রহমান বলেন, ‘আমিসহ কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী ছিলাম। বাকি চারজন মনোনয়নপত্র জমা না দেওয়ায় আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। গতকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।