মৃত্যুকূপ সীতাকুন্ড বন্দর লিংক রোড

কাভার্ড ভ্যানচাপায় নিহত পুলিশ সদস্য ও তার বন্ধু

চট্টগ্রাম সীতাকুন্ডের ফৌজদারহাট বন্দর লিংক রোডের মাথায় সড়ক দুর্ঘটনায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নিহত হওয়ার ১৫ দিন পর এবার প্রাণ গেল পুলিশ সদস্যসহ দুজনের। গতকাল শনিবার ভোর ৫টার দিকে একটি কাভার্ড ভ্যানচাপায় নিহত হন পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) ও তার বন্ধু ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৮)। তারা মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।

পুলিশ সদস্য আলমগীর হোসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির গ্যানম্যান হিসেবে কর্মরত ছিলেন। ১৫ দিনের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার পারোয়ারা গ্রামে। তার বন্ধু শহিদুল ইসলাম একই এলাকার জাফর আলীর ছেলে।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান,  শনিবার ভোর ৫টা দিকে কুমিল্লা থেকে পুলিশ সদস্য আলমগীর ও তার বন্ধু গ্লাস ব্যবসায়ী শহিদুল ইসলাম চট্টগ্রাম ফিরছিলেন। পথে সলিমপুর ফৌজদারহাট লিংক রাস্তার মাথা একটি গাড়ি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

‘বন্ধু আমি আসতেছি সকালে’ : ‘বন্ধু অনেক বছর পর ভালোভাবেই ছুটি কাটালাম। আমি আসতেছি সকালে। চাকরির জীবনে প্রথম লম্বা ছুটি পেয়েছি। বাড়িতে যদি তোরা থাকতি আরও ভালো হতো।’ গত শুক্রবার রাতে সহকর্মী সুজন সিকদারকে ফোন করে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রটোকল দলের সদস্য আলমগীর হোসেন (২৪)।

গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের সামনে চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত সুজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘পুলিশের চাকরিতে এসে সহকর্মী থেকে বন্ধু হয়ে ওঠা আলমগীরকে আমি কিছুতেই ভুলতে পারব না। আমরা একই থানার পাশর্^বর্তী গ্রামে থাকলেও বন্ধুত্ব হয় পুলিশের চাকরিতে এসে। এক সঙ্গেই চাকরিতে জয়েন করেছি আমি আর আলমগীর। পুলিশ লাইনসে আমাদের থাকার বেড পাশপাশি। পুলিশ লাইনসের সবাই তাকে ভালোবাসে।’

তার আরেক সহকর্মী রবিউল হাসান বলেন, ‘অসাধারণ এক বন্ধুকে হারালাম। সহকর্মী হিসেবে তার ব্যবহার খুব মার্জিত। আলমগীর পুলিশে জয়েন করার পর প্রথম চিত্তবিনোদন ছুটি কাটাতে গিয়ে ফেরার পথে প্রাণ হারাল। প্রার্থনা করছি ছুটির শেষে আনন্দ যেন কারও বেদনার না হয়। বারবার ওই একই এলাকায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসবের একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আলমগীরের চাচাতো ভাই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সেনা সদস্য মো. সাদেক আলম বলেন, ‘আলমগীর বয়সে ছোট হলেও তার কাছ থেকে বিনয়ী আচরণ শেখার বিষয় ছিল। সাদাসিধে হাসিখুশিতে মাতোয়ারা ভাইটি নেই এটা বিশ^াস করতে কষ্ট হচ্ছে। ১৫ দিনের ছুটি শেষে বাড়ি থেকে ফেরার পথেই লাশ হলো। সড়কের মৃত্যুর মিছিল না থামলে পরিবারগুলোর স্বপ্ন ভেঙে যাবে, ওই এলাকায়।’

ঝিনাইদহে সরকারি কর্মচারী নিহত : ঝিনাইদহ শহরের গিলাবাড়ীয়া এলাকায় মোটরসাইকেল মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের ওই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জ্বল হোসেন জেলার হরিণাকু-ু উপজেলার শাঁখারীদহ গ্রামের আশির উদ্দিনের ছেলে ও ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

চিফ জুডিশিয়াল আদালতের নাজির সোহেল রানা জানান, উজ্জ্বল বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে ওই এলাকায় বিপরীতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস জব্দ ও চালক মাহফুজুর রহমান বাবলুকে (৪২) আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে পিকআপ খাদে, চালক নিহত : লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যান চালক মো. মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে।