আইসিইউতে পাটমন্ত্রী, সিঙ্গাপুর নেওয়া হবে আজ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। গত ৬ জানুয়ারি তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় গতকাল শনিবার দুপুরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এসব তথ্য জানান।

পাটমন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকার জন্য ২০১৮ সালে এই মুক্তিযোদ্ধাকে আন্তর্জাতিক ‘মাদার তেরেসা পদকে’ ভূষিত করা হয়।