বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না বলেই আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানাচ্ছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে রংপুর বিভাগের আট জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, নির্বাচনে ইভিএমসহ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। বিএনপি অ্যানালগ বাংলাদেশ চায়, তারা ডিজিটাল বাংলাদেশ চায় না বলেই ইভিএম নিয়ে তাদের আপত্তি। বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আন্দোলন ও জনসমর্থন সব কটিতেই তাদের খরা চলছে। অথচ বিএনপির নেতারা বলে বেড়াচ্ছেন তাদের নাকি জোয়ার বইছে। কিসের জোয়ার, কোথাকার জোয়ার? আগে আন্দোলনের পথ তৈরি করুন, জনসমর্থন আদায় করুন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব ঢাকায় বসে ইভিএম নিয়ে বিষোদগার ছড়াচ্ছেন। নির্বাচনের আগেই তার মুখে পরাজয়ের সুর। নির্বাচনের আগেই আজ তিনি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। শেখ হাসিনা সরকার আমলে প্রত্যেকটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আশ্বস্ত করছি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে।’ মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার বাড়ি উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায়। প্রচণ্ড শীতে যখন উত্তরাঞ্চল কাঁপছে তখন আপনি জনগণের পাশে না থেকে ঢাকায় বসে নালিশ আর নালিশ এবং অভিযোগের রাজনীতি করে বেড়াচ্ছেন।’