দেশীয় পিএইচডির মান নিয়ে প্রশ্ন কৃষিমন্ত্রীর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) সনদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক মানের পিএইচডি হচ্ছে কি না সন্দেহ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বছর ২৬৫ জনকে পিএইচডি ডিগ্রি দিয়েছে। অনেক সামরিক অফিসাররাও পিএইচডি ডিগ্রি নিচ্ছেন। এত পিএইচডি কীভাবে হয়? অথচ কঠিন বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ে কেউ পিএইচডি করে না।’

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে বাংলাদেশ অ্যাকাডেমি অব অ্যাগ্রিকালচার (বাগ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাগ সভাপতি কাজি এম বদরুদ্দোজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনকারী কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের পিএইচডি কেন আন্তর্জাতিক মানের হবে না? এর পর থেকে আন্তর্জাতিক মানের পিএইচডি না হলে আমরা চিন্তা ভাবনা করব।’ এ সময় মন্ত্রী টাকায় পিএইচডি বিক্রি হয় দাবি করেন।

বাংলাদেশের কৃষি অর্থনীতিবিদরা লেখালেখি করে না জানিয়ে তিনি বলেন, ‘সারা পৃথিবীতে কৃষি অর্থনীতিবিদরা নেতৃত্ব দিচ্ছে। তারা বিভিন্ন জার্নালে লিখছে। কিন্তু বাংলাদেশের কৃষি অর্থনীতিবিদরা লেখালেখি করতে চান না। অথচ এটা খুব প্রয়োজন। আপনারা যারা কৃষি অর্থনীতিবিদ আছেন তারা বেশি করে গবেষণা করবেন এবং লেখালেখি করবেন।

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন নতুন নতুন কৃষিপণ্য উদ্ভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা আছে। কিন্তু এর বাজারজাতকরণে ব্যবস্থা নিতে হবে। একটি পণ্যের বহুরূপী ব্যবহার নিশ্চিত করতে হবে।