বাংলাদেশের ক্রিকেটে একজন ডেভ হোয়াটমোরের অবদান অপরিসীম। চার বছর টাইগারদের দায়িত্ব সামলেছেন এই কোচ। তার অধীনেই বড় বড় দলকে হারাতে শেখে বাংলাদেশ। বিশ্বের বুকে দেশের ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়ানোর যা ছিল শুরুর পর্ব। কীভাবে সম্ভব হয়েছিল তা? বাংলাদেশ দলের তখনকার অধিনায়ক হাবিবুল বাশার শুনিয়েছেন সেই গল্প।
একটি বেসরকারি টেলিভিশনে শুক্রবার বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুল কথা বলেন হোয়াটমোর প্রসঙ্গে। সেখানেই দেশের ক্রিকেটর অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘হোয়াটমোর দায়িত্ব নিয়ে ড্রেসিং রুমের সংস্কৃতিটাই বদলে দিয়েছিলেন।’
২০০৩ সালে যখন হোয়াটমোর হাবিবুল-রফিকদের দায়িত্ব নেন, ক্রিকেট বিশ্বে টাইগারদের তখন মাটি খুঁজে নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। কদিন পর পরই টেস্ট স্ট্যাটাস নিয়ে ওঠে যাচ্ছে প্রশ্ন। কোনো মতে লড়াই করতে পারলেই সন্তুষ্ট থাকছেন ক্রিকেটাররা।
কিন্তু হোয়াটমোর অল্পতে সন্তুষ্ট থাকার মানসিকতায় বদল আনলেন প্রথম। ‘ডেভ হোয়াটমোর আমাদের প্রথমেই যে জিনিসটা বদলে দিয়েছিল, সেটা হলো আমাদের হীনমন্যতা দূর করা। প্রথম যে জিনিসটা বলেছিলেন, ভালো খেলে হেরে যাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। খারাপ খেলে জয় পেলেও, সেটার মধ্যে গৌরব আছে।’- বলেন হাবিবুল।
যোগ করেন, ‘আমরা আগে করতাম না, হেরে গেছি কিন্তু ভালো খেলেছি। ও (হোয়াটমোর) এটা ঘৃণা করত। বলত, আপনাদের নেওয়ার হয় ভালো খেলার জন্য। ম্যাচ জেতার জন্য আপনাদের নির্বাচন করা হয়। এই বড় পরিবর্তন সে এনেছিল। পুরো টিম কালচারটা সে পরিবর্তন করে দিয়েছিল।’
যার সুফলই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ২০০৩ সাল থেকে ২০০৭, এই চার পর টাইগারদের দায়িত্ব সামলান শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান হোয়াটমোর। তিনি দায়িত্ব নেওয়ার পর ২০০৪ সালে গ্র্যান্ড ফ্লাওয়ার-হিথ স্ট্রিকদের জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে হারায় বাংলাদেশ। একই বছর ঢাকায় ভারতের বিপক্ষে আসে গৌরবের জয়।
২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। একই বছর কার্ডিফে ওয়ানডেতে বধ করে রিকি পন্টিংয়ের প্রবল শক্তিধর অস্ট্রেলিয়াকে।
এই জয়গুলো যে অঘটন নয় তা প্রমাণ হতে থাকে ২০০৬ সালে নিয়মিত আসা জয়ে। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ডের মতো দলগুলোতে হারায় বলে কয়ে। এরপর আসে ২০০৭ বিশ্বকাপ। যা ছিল বাংলাদেশের জন্য স্বপ্নসময় এক আসর।
হাবিবুল বাশারের নেতৃত্ব মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, মাশরাফী বিন মোর্ত্তাজাদের ধারাবাহিক নৈপুণ্যেই আসে সেই সাফল্য। যার আড়ালের নায়ক কোচ হোয়াটমোর।
সেই সময় হোয়াটমোর যে বদলটা এনেছিলেন, তা খুব প্রয়োজন ছিল বলে মনে করেন হাবিবুল। বলেন, ‘সেই সময় তা আমাদের খুব দরকার ছিল। আমাদের পুরো চিন্তা ধারা, টিমের মধ্যে কী কী দরকার, পুরো আমূল পরিবর্তন করে দিয়েছিল ডেভ হোয়াটমোর।’