মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে পঙ্কজ মজুমদার (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে চাঁদপুর শহরের মিশন রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পঙ্কজ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মৃত বিভোতি মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানান, বিকেল পৌনে ৩টায় সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় শহরের ছায়াবাণী মোড় এলাকা অতিক্রমের সময় হুইসিল দিতে দিতে এগোতে থাকে। কিন্তু পঙ্কজ মজুমদার মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে ট্রেন লাইনেই হাঁটতে থাকে। মোবাইল ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের হুইসিল না শুনতে পারায় চলতি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রেনের চাপায় তার দেহ থেকে মাথা আলাদা হওয়াসহ পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. সারোয়ার আলম বলেন, খবর পেয়ে মৃতদেহের ছিন্নভিন্ন অংশ সংগ্রহ করে থানায় নিয়ে এসেছি। তিনি মোবাইলে কথা বলা অবস্থায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। লাশের সুরতহাল করা রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত ব্যক্তির মোবাইল ফোনের সূত্রধরে তার পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মরদেহ তার আত্মীয়দের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।