পদ্মাবেষ্টিত চরাঞ্চল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের (৩০) হত্যার বিচারের দাবি জানিয়েছেন মা সাহিদা বেগম। তার দাবি, একই গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিন সরদার (৩৫) আকলিমাকে হত্যা করেছেন।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন, শরীয়তপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন কাঁচিকাটা ইউনিয়নবাসী। এই দাবিতে রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে নিহতের মা সাহিদা বেগম, বাবা শরীফ সরদার, ভাই সাইফুল ইসলামসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাহিদা বেগম।
জানা যায়, ১৩ বছর আগে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিনকে প্রেম করে বিয়ে করেন আকলিমা বেগম। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। আল আমিনকে ধাপে ধাপে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। আরও যৌতুক না দেওয়ায় ৮ ডিসেম্বর রাতে আকলিমাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তাকে নিয়মিত নির্যাতন করা হতো।
সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, আল-আমিন জেলহাজতে আছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।