‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ মামলায় শরিয়ত বয়াতি তিন দিনের রিমান্ডে

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার মামলায় গ্রেপ্তার শরিয়ত বয়াতিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রবিবার শরিয়ত বয়াতিকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী অফিসার এস.আই মিজানুর রহমান। তিনি মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।

এর আগে শনিবার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসলাম মিয়ার আদালতে ওই দিন তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে মির্জাপুরে থানা-পুলিশ। পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ধর্মীয় নিরাপত্তা আইন ২০১৮ ও ডিজিটাল নিরাপত্তা আইনে উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় করেন।

গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় হজরত হেলাল শাহ্ পিরের ১০ম বাৎসরিক পালা গানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি ইসলাম ধর্ম ও নবী রাসুল নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে গান পরিবেশনের পাশাপাশি বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।